
বেগম জিয়াকে শুক্রবার নেয়া হতে পারে লন্ডনে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হতে পারে।
সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে নিয়ে আগামীকাল শুক্রবার লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত চিকিৎসকসহ ১৪ জন তার সঙ্গে যাবেন।
এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়ে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান–কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওয়ানা হবে।
এদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।
দীর্ঘ দিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।








