
১০ দিনে দেশে এলো ১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে এসেছে ১১০ কোটি ৯০ লাখ বা ১.১০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে ১১ কোটি ৯ লাখ ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
একই সঙ্গে তিনি জানান, শুধু ১০ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, গত ২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।








