দীপ্ত নিউজ
খেলা

জোতা’র ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখলো লিভারপুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জোতা’র ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখলো লিভারপুল

মাত্র ২৮ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেছে লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়েগো জোতার। স্পেনের জামোরাহ প্রদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ তিনি মারা যান। দুই ফুটবলারকে হারিয়ে শোকাচ্ছন্ন ফুটবল বিশ্ব। এবার জোতার সম্মানে তার পরিহিত ২০ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এই জার্সি নম্বরেই খেলতেন এই গর্তুগিজ তারকা।

জোটা’র স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাব এই সিদ্ধান্ত নেয়, ২০ নম্বর জার্সিটি এখন থেকে লিভারপুলের সব পর্যায়— পুরুষ দল, মহিলা দল এবং একাডেমিতেও আর ব্যবহার করবে না।

লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত দিয়োগো জোতা’র কেবল মাঠে অবদান নয়, বরং ক্লাবের সঙ্গে যুক্ত সবার জীবনে তার ব্যক্তিগত প্রভাবকেও স্মরণ করা হচ্ছে।’

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিষয়ক সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘আমরা আমাদের সমর্থকদের আবেগ অনুভব করেছি এবং আমরাও একই রকম অনুভব করেছি। দিয়োগোর স্ত্রী রুটে এবং তার পরিবারের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রথমে তাদের জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। এটি সত্যিই ব্যতিক্রম এবং এটি একটি অসাধারণ মানুষকে দেওয়া বিশেষ শ্রদ্ধা। এই নম্বর অবসরে যাওয়ার মানে হলো এটি চিরন্তন হয়ে গেল এবং দিয়োগোকে কখনোই ভুলে যাওয়া যাবে না।’