শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

নতুন নোট বাজারে আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন নোট বাজারে আসছে আজ

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক নোটে নিয়ে এসেছে নতুন রূপ ও ভাবনা। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন ডিজাইনের নোট আজ রবিবার (১ জুন) থেকে বাজারে আসছে। প্রাথমিকভাবে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটেও একই থিমে ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

নতুন এই নোটগুলোর প্রতিটিতে দেশের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি সংযোজন করা হয়েছে। এতে একদিকে যেমন জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হচ্ছে, অন্যদিকে নোটের নিরাপত্তা ও নান্দনিকতায় এসেছে আধুনিকতার ছোঁয়া।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শাখা থেকেও নোটগুলো পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ থাকবে এবং সচল থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট সংগ্রহ করতে পারবেন মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের জাদুঘর থেকে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।