জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন।
তিনি বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
এছাড়া, সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য একটি সময় বরাদ্দ রাখা হবে, যাতে তারা জাদুঘরটি ঘুরে দেখে প্রতিবেদন করতে পারেন। এছাড়া উদ্বোধনের প্রথম দিনটি অর্থাৎ বুধবার শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
উপদেষ্টা আরও জানান, ৬ আগস্ট থেকেই সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকেট কেটে জাদুঘরে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠান সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এসএ