ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা ৫ দিন বন্ধের পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি–রপ্তানি শুরু হয়েছে। বাণিজ্য চালুর খবরে পণ্য কিনতে বন্দরে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, ভারত অভ্যন্তরে ব্যাবসায়িক জটিলতা থাকায় গেল ৩১ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন সে দেশের রপ্তানিকারকরা। সমস্যার সমাধান হওয়ায় ৫ দিন বন্ধের পর আজ থেকে আবারো আমদানি–রপ্তানি শুরু হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল জানান, বৃহস্পতিবার বিকালে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকে ভারতে হিলি স্থলবন্দরের অবকাঠামোসহ বাংলাদেশে পণ্য রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানে আশ্বস্ত করা হলে পণ্য রপ্তানি বন্ধে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
তিনি আরও জানান, ২ সেপ্টেম্বর বুধবার মুখ্যমন্ত্রী বালুরঘাট সফরে এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। এরই ফলশ্রুতিতে শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়।
এসএ