লেবানন ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এমন কথা বলেছেন।
পোস্টে আরাগচি লিখেন, ‘যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত ঘোষণা করা হলো।’ তবে আরাগচি ঠিক কোন যুদ্ধবিরতির কথা বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শুরু হয়েছে গত ৮ এপ্রিল, শেষ হবে ২২ এপ্রিল। এছাড়া, শুক্রবার থেকে লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের ওপর আরোপিত নৌ–অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। যতক্ষণ না ইরানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ এটি বহাল থাকবে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এটি (চুক্তি সম্পন্ন হওয়ার প্রক্রিয়া) খুব দ্রুত হওয়া উচিত।