২০২৬ বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নতুন পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল বিশ্লেষণ করে তাদের মডেল বলছে, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন। তবে ব্যবধান এতটাই কম যে শেষ পর্যন্ত যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে।
অপ্টার হিসাব অনুযায়ী, অতিরিক্ত সময় ছাড়াই স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয় পাওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৪ শতাংশ।
তবে সুপারকম্পিউটারের বিশ্লেষণ বলছে, ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাদের হিসেবে ২৫.৪ শতাংশ সম্ভাবনা রয়েছে ফাইনাল অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর।
ইতিহাসও বলছে, দুই দলের লড়াই বরাবরই হয়েছে সমানে সমান। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক আসর মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। এর মধ্যে দুই দলই ৬টি করে ম্যাচ জিতেছে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।
সব মিলিয়ে পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন কোটি সমর্থকের অপেক্ষার বিষয়।