জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৮ মার্চ) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থান দিলারা হাফিজ মারা যান। আগামীকাল রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় মরহুমের মরদেহ দেশে নিয়ে আসা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শোকবার্তায় দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
৭৮ বছর বয়সে মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দিলারা হাফিজ। তার মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় দেশে আসবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
এসএ