আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে বলে জানান তিনি।
রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মীর শাহে আলম।
এ ছাড়া বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে মালয়েশিয়ার বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে ২ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়ার উদ্যোগ রয়েছে।
এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে দ্রুত একটি বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ঢাকার ভেতরে চলাচলের জন্য দুই ও চার সিটের ইরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ইরিকশাকে নিবন্ধন দেওয়া হবে না।
রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শিগগিরই এসব বিষয়ে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।