সুদমুক্ত ঋণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে ইসলামিক ফাউন্ডেশনের ‘ইমাম–মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ থেকে সুদমুক্ত ঋণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আর্থিকভাবে অসচ্ছল ইমাম–মুয়াজ্জিনদের এ সহায়তা দেওয়া হয়।

সোমবার (২৪ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৪–২৫ অর্থবছরে সারাদেশে ৬০০ জন ইমাম–মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে ৪ হাজার ৬২০ জন ইমাম–মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি ৩১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম–মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, কোন ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে, আকস্মিকভাবেই মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণ সাধনের জন্য ২০০১ সালে এই ইমাম–মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

ইএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More