দীপ্ত নিউজ
সারাদেশ

সিরাজগঞ্জে মেয়র পদে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সিরাজগঞ্জে মেয়র পদে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা।

রবিবার (১১ জুন) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল তাড়াশ পৌর শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী বাবুল শেখ, মেয়র প্রার্থী আব্দুল মমিন, মেয়র প্রার্থী জাকির হোসেন জুয়েল, মেয়র প্রার্থী আব্দুস সালাম, মেয়র প্রার্থী আনোয়ার হোসেন খান প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরন, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলসহ প্রমুখ।

বক্তরা বলেন, তাড়াশ পৌর সভার নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক। এতে তাদের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তারা একটি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

বক্তরা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

 

সিরাজুল ইসলাম /আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।