দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে তল্লাশি, সেই ব্যক্তি গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে তল্লাশি, সেই ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ জুন রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকার পপুলার গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে এম. হান্নান রহিম তালুকদার ও তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি করেন।

তারা হুমকি দেন, চাঁদা না দিলে হোটেলের ব্যবসা বন্ধ করে দেয়া হবে। এ সময় তারা সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষ তল্লাশি করেন এবং সেই ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। ঘটনার পর হোটেলের এক স্টাফ জাকির হোসেন চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘সাংবাদিক পরিচয়ে কেউ গেস্ট হাউস বা হোটেলের কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারে না। অভিযোগ থাকলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার এখতিয়ার শুধু পুলিশের।

হান্নান রহিম তালুকদার নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও সিএসটিভি২৪–এর চেয়ারম্যান বলে পরিচয় দেন। ফেসবুকে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যও দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি সদস্য নন।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ