চলতি বছর রমজানজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ–পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটি শেষে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরুর পর পরবর্তী ১০টি শনিবারও বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।