
শাশুড়িকে বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন পুত্রবধূ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গোসল করার সময় মুগরাইম হাওরের পানির স্রোতে ভেসে বউ–শাশুড়ির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার জানিয়ারচর গ্রামে মারা যান তারা।
নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার (৪৫) ও তাঁর ছেলের বউ পিপাসা আক্তার (২১)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশের হাওরে রোজিনা খাতুন ও পিপাসা আক্তার গোসল করতে যান। গোসল শেষে উঠে আসার সময় পা পিছলে হাওরে পড়ে যান রোজিনা খাতুন। এসময় কংস নদী থেকে হাওরে প্রবেশ করা পানির তীব্র স্রোত রোজিনাকে ভাসিয়ে নিয়ে যায়। শাশুড়িকে বাঁচাতে হাওরের পানিতে নামেন পুত্রবধূ পিপাসা আক্তার। স্রোতে তিনিও ভেসে যান। এ দৃশ্য দেখে পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন এসে হাওরে মাছ ধরার জাল ফেলে দুই জনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আল / দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।