দীপ্ত নিউজ
মহানগর

শর্ত সাপেক্ষে আবারও ক্ষমা পেলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শর্ত সাপেক্ষে আবারও ক্ষমা পেলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

 

আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আবারও ক্ষমা করে দিয়েছে তার দল আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করেছে দল।

শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

গাজীপুর সিটি করপোরেশনের ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র হয়েছিলেন জাহাঙ্গীর আলম। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে।

২০২১ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে। পরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি।

গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগ। গত ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে নিজে প্রার্থী হন। মনোনয়ন বাতিল হলে মা জায়েদা খাতুনকে মেয়র প্রার্থী করে তার পক্ষে কাজ করার অভিযোগে আবারও জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে পুনরায় বহিষ্কৃত হন।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।