রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত আম্বাসেডর সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজারে এসেছেন। শুক্রবার (৩১ জুলাই)  দুপুর ২টার দিকে ১১ সদস্যের প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। পরে প্রতিনিধিদল জাতিসংঘ খাদ্য কর্মসূচি ডব্লিএফপি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয় বলে সূত্র জানায়।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেন এবং তাদের বর্তমান সংকট ও চাহিদার কথা শোনেন।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

সফরকালে তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কেও খোঁজ-খবর নেবেন।

পরে বিকেল ৫টার দিকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রতিনিধিদলের।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের মূল নেতৃত্বে রয়েছেন সার্জিও গোর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সার্বিক সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ পরিদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More