দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৯ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের এপ্রিলের প্রথম ২৮ দিনে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে সর্বমোট ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসার মাধ্যমে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড তৈরি হয়েছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহ ছিল ৩০০ কোটি ডলারের উপরে।
উল্লেখ্য, গত ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। চলমান ধারায় বর্তমান অর্থবছর সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।