
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান, রাজশাহীতে পুনর্নির্বাচিত লিটন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সিটির দায়িত্ব লিটনের হাতে তুলে দিলেন রাজশাহীবাসী।
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে লিটন পান ১৫৫ কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৯ হাজার ৪৫৭ ভোট। রাজশাহীতে ভোট কাস্টিং হয়েছে ৫৬.২০ শতাংশ।
অন্যদিকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের নগরীর উপশহরের জালালাবাদ গ্যাস মিলনায়তনে ফল প্রকাশ করেন। ঘোষিত ফল অনুযায়ী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১।
বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।
আল /দীপ্ত সংবাদ





