ঢাকাসহ ও আশপাশের এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত আটটার পর বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হয়।
এসময় বাংলামটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আচমকা ঝড়ো হাওয়া শুরু হয়। এর কিছুক্ষণ পরই ধুলিঝড় আকার ধারণ করে পরিস্থিতি আরও তীব্র হয়। পরে রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি, যা দ্রুতই ভারী বর্ষণে রূপ নেয়।
ঝড়ের সময় আকাশজুড়ে ঘনঘন বিদ্যুৎ চমকানো এবং বিকট শব্দে বজ্রপাতের ঘটনাও ঘটে। হঠাৎ বৃষ্টিতে অফিসফেরত মানুষজন বিপাকে পড়েন।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হয়।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।