ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানায়, এটি পেলের স্মারক সামগ্রীর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো বস্তু। নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে মোট দশটি বিড আসে। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ, পেলে এটি পরেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫–২ গোলের জয়ে দু‘টি গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে তিনি এখনো বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স–এর স্পোর্টস স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ব্রেন্ডন হকস বলেছেন, আজকের এই নিলাম সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের দীর্ঘস্থায়ী লিগ্যাসির শক্তিশালী নজির। এই জার্সিটি কেবল ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের এক স্থায়ী স্মারকই নয়, বরং এটি মূলত সেই মুহূর্তটির সাথে ওতপ্রোতভাবে জড়িত যা পেলেকে বিশ্ব ক্রীড়াঙ্গনের এক আইকনে পরিণত করেছিল।
এই একই নিলামে ফুটবল দুনিয়ার আরও কিছু বিখ্যাত স্মারক বিক্রি হয়েছে চড়া দামে। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পরা অধিনায়কের আর্মব্যান্ড বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩১ লাখ টাকার বেশি দামে।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬–১ গোলের সেই স্মরণীয় কামব্যাক ম্যাচে লিওনেল মেসির পরা জার্সি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৮ লাখ টাকার বেশি দামে। আর ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ডেভিড বেকহামের ৫০তম ম্যাচের জার্সি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬৩ লাখ টাকার কিছু বেশি দামে।