শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা আর নেই।

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার (১৬ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা। তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মিজানুর রহমান সিনহা একাধারে বিশিষ্ট ব্যবসায়ী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুন্সিগঞ্জ২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের চারদলীয় ঐক্যজোট সরকারে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত হলেও পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম পরিবর্তন করা হয়েছিল।

রাজনীতির পাশাপাশি নিজ এলাকা মুন্সিগঞ্জের স্থানীয় সামাজিক উন্নয়ন ও বিভিন্ন দানশীল কর্মকাণ্ডে মিজানুর রহমান সিনহার বিশেষ অবদান রয়েছে। তার এই অবদানের জন্য তিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ তার নির্বাচনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More