বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের যুবকের, এলাকায় শোক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (২৮) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর সংবাদের বিষয়টি জানানো হয়েছে।

গিয়াস হাওলাদার ওই এলাকার মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথে মালয়েশিয়ায় কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বড় ভাই লিটন হাওলাদার জানান, বহুদিন পর পরিবারকে কাছে পাওয়ার আশায় দিন গুনছিলেন গিয়াস। আজ রাতে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। দেশে এসে বিবাহ করবে। কত স্বপ্ন ছিলো। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। বরং প্রবাস থেকে এলো তার মৃত্যুর শোকবার্তা।

এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

মো. রফিকুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More