মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, পুলিশের মামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।

পুলিশের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ১৮২১২৫।

‘‘চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুইটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিলো।


খোঁজখবর নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিলো। ওই সময়ে মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।


ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগ মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।

মন্ত্রীর গাড়ির উল্টো পথে চলার এই সংবাদ সচিবালয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়।


সরকারের উধর্বতন এক কর্মকর্তা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়াআসা করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More