মদিনা শহরের সব মসজিদে নারীদের আলাদা নামাজের স্থান চালু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র মদিনা শহরের সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান পাঁচ ওয়াক্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার।

পবিত্র মদিনা শহরের সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান পাঁচ ওয়াক্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার।

দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আলশেখ সম্প্রতি এ অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনা শহরের বিভিন্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত (ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা) নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে, মদিনা শহরের অনেক মসজিদে নারীদের নামাজের স্থান নির্দিষ্ট কিছু সময় খোলা রাখা হতো। বিশেষ করে জুমা নামাজ, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা ব্যস্ত মৌসুমে এসব স্থান ব্যবহারের সুযোগ মিলত। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত।

নতুন ব্যবস্থার ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীরা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। এতে কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয় মসজিদে নববী। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: পিস ম্যাগাজিন

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More