মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রত ফিফা সভাপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জয়ের আনন্দে যখন শিরোপা উদযাপনে ব্যস্ত স্পেনের ফুটবলাররা, তখন পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যায় এক অস্বস্তিকর ঘটনা। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনাসমালোচনা।

ফাইনাল ম্যাচে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে সেসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বিশ্বকাপ ট্রফিটি তার হাতে তুলে দেওয়া হলে কিছুক্ষণ সেটি নিবিড়ভাবে দেখেন ট্রাম্প।

ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। দুজনে মিলে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন ট্রাম্প।

তবে ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় বিতর্ক। খেলোয়াড়রা যখন ঐতিহ্যগত শিরোপা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও মঞ্চেই দাঁড়িয়ে থাকেন ট্রাম্প। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা পাশ কাটিয়ে দাঁড়ালেও মঞ্চ ছেড়ে যাননি।

একপর্যায়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই থেকে যান এবং তাদের সঙ্গে শিরোপা উদযাপনের মুহূর্তে অংশ নেন।

অবশ্য এমন ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন। তখন চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More