দীপ্ত নিউজ
সারাদেশ

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের চালান দেশে এসেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের জয়নগর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে এসব রেলকোচ।

রেলওয়ে সূত্র জানায়, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোষ্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রেলওয়ে পাকশীর বিভাগীয় কর্মকর্তারা সেগুলো বুঝে নেন।

কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুরের রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।

রেলওয়ে জানায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন–এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার।

রেলওয়ে পাকশীর বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে আজ ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি বাংলাদেশে প্রবেশ করেছে। বগিগুলো বিভিন্ন ক্যাটাগরির। যাত্রীসেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে। পশ্চিম অঞ্চলের যাত্রী সেবার মান অনেক বেড়ে যাবে। রেলখাতের আয় বৃদ্ধি পাবে। বগিগুলো মানসম্মত ও উন্নত মানের।’

স্থানীয়রা জানান, সরকারের এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যাত্রী সেবার মান আগের চেয়ে কিছুটা হলেও এখন বাড়বে। পুরাতন যে বগিগুলো আছে সেগুলো মেরামত করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। রেলের লোকসান কাটাতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। ২০০ বগি দেশে আসলে রেলে অনেকটা পরিবর্তন আসবে। আমরা চাই দ্রুত বাকি বগিগুলো দেশে প্রবেশ করুক।