ঢাকা সিটিতে একটি আধুনিক মাল্টিমোডাম বা বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এরইমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনা কী হতে পারে, তা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চলছে বলে জাতীয় সংসদ জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, রাজধানী ঢাকা‘সহ দেশজুড়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মাত্রাতিরিক্ত বৃদ্ধি, তীব্র যানজট এবং সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট সুসমন্বিত নির্দেশনা আসতে যাচ্ছে ।
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের কার্যপ্রণালির ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এর আগে, কার্যপ্রণালির ৭১ ধারায় জরুরি জন–গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে শওকত আরা আক্তার কার্বন নিঃসরণ হ্রাস করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের সব গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করার জোরালো প্রস্তাব উত্থাপন করেন।
শওকত আরা আক্তার ঢাকার রাস্তায় তীব্র যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে দায়ী করেন।
সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার জানতে চান এসব ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনও একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনও ব্যবস্থা আছে কিনা?
প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঢাকা মহানগরীর অভ্যন্তরীণ এই যানগুলো মূলত সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে, যেখানে যোগাযোগ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের সুযোগ কম।
তিনি আরও জানান, খুব শিগগিরই ঢাকা সিটিসহ সারা বাংলাদেশের ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ অথবা সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা জারি করা হবে। যার আলোকেই পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও সরকার সমন্বিতভাবে কাজ করবে।
এসএ