শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে আবারো মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ফেরার আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে তার অবসরের গুঞ্জন। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, চলতি বছরের ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।
ব্রাজিলিয়ান অনলাইন চ্যানেল ‘কাজে‘-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘এখন থেকে সামনে কী হবে আমি জানি না, আগামী বছর নিয়েও আমার কোনো ধারণা নেই। এমনও হতে পারে ডিসেম্বর এলে আমি অবসরের সিদ্ধান্ত নেব। আমি এখন প্রতিটি বছর ধরে ধরে এগোচ্ছি।‘
চোটের কারণে সৌদি আরবের অধ্যায় শেষে ২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলে ফিরেছিলেন এই তারকা। কিন্তু চোট যেন পিছুই ছাড়ছে না তার।
গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন তিনি। কিছুদিন পরই বিশ্বকাপ ফুটবল।
নেইমার জানান, এই বছরটি তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে এখন কার্লো আনচেলত্তি। কড়া শৃঙ্খলার এই কোচের স্কোয়াডে চোটজর্জর নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।