দীপ্ত নিউজ
সারাদেশ

বিয়ের দিন বরের জানাজা, দুই পরিবারে শোকের মাতম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিয়ের দিন বরের জানাজা, দুই পরিবারে শোকের মাতম
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার বাদ জুমা বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তরুণ প্রকৌশলী আরিফ শাহরিয়ারের (২২)। আগামীকাল শনিবার ছিল বউভাতের আয়োজন। কিন্তু বিয়ের আগের দিন গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। উৎসবের অপেক্ষায় থাকা বর ও কনের সাজানো বাড়িতে এখন কেবলই শোকের মাতম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মারা যান আরিফ। তিনি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার বাসিন্দা। তার হবু স্ত্রীর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ সম্প্রতি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) পড়াশোনা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।

বিয়ের জন্য এক মাস আগে তিনি বাড়িতে আসেন। বিয়ের সব প্রস্তুতি যখন সম্পন্ন, ঠিক তখনই বৃহস্পতিবার রাতে গায়েহলুদের বদলে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কফিনে রাখা হয় তাঁর নিথর দেহ।

পরিবারের ধারণা, আরিফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তার বড় বোন শারমিন সুলতানা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন।

আরিফের বড় বোন শারমিন সুলতানা জানান, চার দিন আগে জ্বরে আক্রান্ত হন আরিফ। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাকে হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।

তার অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পর বেলা ১টার দিকে চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। ওষুধ নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

বিকালে আরিফের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শারমিনের অভিযোগ, জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা তাকে রিকশায় বসিয়ে রাখা হয়েছিল। পরে চিকিৎসক তাকে পরীক্ষা করেন। রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিযুক্ত মাইশা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম মিয়া জানান, তাঁরা রোগীকে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও পরিবার তাঁকে বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে, গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান জানান, রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর ডেঙ্গুর উপসর্গ ছিল না; পূর্বের রিপোর্ট ও লক্ষণ অনুযায়ী তিনি টাইফয়েডে আক্রান্ত ছিলেন এবং সম্ভবত স্ট্রোক বা হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা গাইবান্ধা শহরের রেলস্টেশন জামে মসজিদে আরিফের জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।