দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর, সাবধান: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর, সাবধান: ওবায়দুল কাদের

 

দেশের প্রধান শত্রু ডেঙ্গু ও বিএনপি। ডেঙ্গুর মতোই ভয়ঙ্কর বিএনপিকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ–কমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বাঁচতে হলে ভয়ঙ্কর ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে হবে জনসচেতনতার মাধ্যমে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে করতে হবে।

তিনি বলেন, মানুষ যেমন ডেঙ্গুর হাতে নিরাপদ নয় তেমনি, বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। তাই ডেঙ্গুর মতো বিএনপি থেকে জনগণকে সাবধানে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু বিরোধী অভিযান জোরদার করা উচিত বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য আমেরিকার দিকে তাকিয়ে আছে। কেন নিষেধাজ্ঞা ও ভিসা নীতি আসছে না, তা নিয়ে চিন্তিত বিএনপি।

 

 

আল/ দীপ্ত সংবাদ