দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সারজিসের নামে মামলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সারজিসের নামে মামলা
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। (ফাইল ছবি)

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এতে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

আবেদনে তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাবো।‘

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।