আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এফটিপি অনুযায়ী লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, আগামী বছরের ২৭ মে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট। ৮ মাসেরও বেশি সময় থাকা সত্বেও এরইমধ্যে ম্যাচটির টিকিট পেতে আবেদন করার সুযোগ চালু করেছে আয়োজক দেশটি।
২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকদের ব্যালট আবেদন উন্মুক্ত করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে। আগামী নভেম্বরের শুরুতে প্রথম ধাপে সফল আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর তারা ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন। আর সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর। ইংলিশদের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ খুব বেশি পায় না বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট খেলতে বাংলাদেশ গিয়েছিলো ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবারো থ্রি-লায়ন্সদের ঐতিহাসিক লর্ডসের মাঠের খেলতে নামবে নাজমুল শান্তর দল।