কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইল শহরে শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার (২৯ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু‘র নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার–পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে মোহাম্মদ শাফি ইথেন, পৌরসভার কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ