ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির জন্মদিন আজ। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া মেসি দারিদ্র্য, শারীরিক সমস্যাসহ নানা বাধা পেরিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। ৩৯ বছর বয়সেও তিনি বিশ্ব ফুটবলে উজ্জ্বল উপস্থিতি রেখে চলেছেন।
আর্জেন্টিনার রোজারিওর ছোট্ট শহরে সাধারণ বালক থেকে বিশ্বজয়ী মহাতারকা হয়ে উঠার গল্পটা কোনো রূপকথার চেয়ে কম নয়।
অর্জন করেছেন ১টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৮টি ব্যালন ডি’অর এবং বিশ্বকাপে ২টি গোল্ডেন বলসহ অসংখ্য ট্রফি। বয়সের সাথে আরো ক্ষিপ্র ও শানিত হয়েছেন মেসি। ২০২৬ এর বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল আন্দ্রেস মেসি। শৈশব থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দিলেও তার পথ মোটেও সহজ ছিল না। গ্রোথ হরমোনের সমস্যায় ভুগতে থাকা কিশোর মেসির চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য ছিল বড় চ্যালেঞ্জ।
সেই কঠিন সময়ে পাশে দাঁড়ায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একটি ন্যাপকিনে লেখা চুক্তির গল্প আজ ফুটবল ইতিহাসের অংশ। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা মেসি খুব দ্রুতই বিশ্বকে জানিয়ে দেন তার অসাধারণ সামর্থ্যের কথা।
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর শুরু হয় রেকর্ড ভাঙা–গড়ার অধ্যায়। জাভি ও ইনিয়েস্তার সঙ্গে গড়ে তোলা স্বর্ণযুগের বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন মেসি। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জিতেছেন অসংখ্য লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য শিরোপা।