ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৃষ্টির মধ্যেই মাঠে সেমিফাইনাল ম্যাচ চলাকালে হঠাৎ এক ভয়ংকর বজ্রাঘাতের আঘাত। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে একজন মাঠেই মৃত্যুবরণ করলেন। নিহত ফুটবলারের নাম সোফওয়ান আওয়ে (২৪)

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

দেশটির খবরের ওয়েবসাইট থাই এনকোয়ারার, মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়েশিয়ার বার্তা সংস্থা বের্নামা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোফওয়ান আওয়ে নিহত হওয়ার পাশাপাশি আরো ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে মালয়েশিয়ার এক ফুটবলারও আছেন। আহতদের সুংগাই গোলোক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নারাথিওয়াতের সুংগাই গোলোক শহরের সান্তিফাপ স্টেডিয়ামে আঞ্চলিক এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে মাঠে বজ্রপাত আঘাত আনে।

ম্যাচটি ছিল আবু এক্স নং সিরিন এবং স্যামকল্টের মধ্যে। স্যামকল্ট দলে থাইল্যান্ড ও মালয়েশিয়ার ফুটবলাররা একসঙ্গে খেলছিলেন। টুর্নামেন্টে মালয়েশিয়ার কেলান্তান এফসিসহ আরো কয়েকটি দল অংশ নিয়েছে। সুংগাই গোলোক শহরটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

এই উইঙ্গার থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির খেলোয়াড় ছিলেন। ঘটনার মাত্র কয়েক দিন আগে তিনি আবু এক্স নং সিরিনে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি পাট্টানি এফসির হয়েও খেলেছেন।

সুংগাই গোলোক পুলিশের প্রধান থুন সিরিখুন্ট বার্তা সংস্থা বের্নামাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোফওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। চিকিৎসক দল তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু বজ্রপাতে গুরুতর আহত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More