মঞ্চ প্রস্তুত। মাত্র কয়েক ঘণ্টা পরই নির্ধারণ হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শিরোপার নতুন মালিক। মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।
৪ বছর আগে কাতার বিশ্বকাপে পাওয়া রাজমুকুট ধরে রাখার এই মিশনে আর্জেন্টিনার ছক অবশ্য অনেকটাই তৈরি। তবে ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে সম্ভাব্য একাদশে দুটি পজিশন নিয়ে এখনও রয়ে গেছে বড় ধোঁয়াশা।
পুরো বিশ্বকাপ জুড়েই স্কালোনি যেমনটা করে এসেছেন, ফাইনালের আগের দিনগুলোতেও তিনি দলের রণকৌশল নিয়ে তেমন কোনো আগাম আভাস দেননি। ফলে বিশ্বজয়ের লড়াইয়ে ঠিক কারা মাঠে নামছেন, তা এখনও নিশ্চিত নয়।
দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের দল থেকে বড় কোনো পরিবর্তন আনতে চান না। তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রাইট–ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে দেখা যেতে পারে। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রথম গোলের সময় মলিনার দিক থেকেই আক্রমণ গড়ে ওঠে। পরে বদলি হিসেবে নেমে মন্তিয়েল নিজের অভিজ্ঞতা ও দৃঢ় পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা অর্জন করেন।
মিডফিল্ডেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তার জায়গায় খেলেন জুলিয়ানো সিমিওনে। তবে বদলি হিসেবে নেমে ডি পলও ছিলেন কার্যকর। ফলে ফাইনালে এই দুই মিডফিল্ডারের মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে স্কালোনিকে।
অন্যদিকে, অনুশীলনে বিশেষ জার্সি (বিব) পাওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন জিওভান্নি লো সেলসো। এতে ধারণা করা হচ্ছে, ফাইনালে তাকে সুযোগ দেওয়া হতে পারে। যদি লো সেলসো একাদশে জায়গা পান, তাহলে বেঞ্চে বসতে হতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল অথবা নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমেওনে অথবা রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
এসএ