২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা–স্পেন।
এই মহাযুদ্ধের মাঠে নামার আগে সতীর্থ, কোচিং স্টাফ এবং পুরো আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে হৃদয়ছোঁয়া একটি বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
শিরোপা লড়াইয়ে নামার আগে শেষবারের মতো ফ্রেমবন্দী হয়েছিলেন স্কোয়াডের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি থেকে শুরু করে ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বাধীন সকল পরিচালনা পর্ষদ সদস্য। ছবির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন মেসি এবং পাশে আছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২০১৪ এবং ২০২২–এর পর ক্যারিয়ারের ৩য় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন।
আলবিসেলেস্তে অধিনায়ক লিখেন, ‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিটি দিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই আসল।’
মেসি লিখেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটি পরিবার বানিয়ে রাখার জন্য যারা পর্দার আড়ালে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল (আজ) যা–ই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যে এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা আমরা কোনোদিন ভুলব না এবং কেউ তা মুছেও দিতে পারবে না। ভামোস আর্জেন্টিনা’।
উল্লেখ্য, আর্জেন্টিনা ৪র্থ নাকি স্পেন ২য় বিশ্বকাপ ঘরে তোলে, জানা যাবে আজই। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এসএ