প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান।
সিলেটে পৌঁছেই সড়ক পথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এছাড়া বিকালে শ্রীমঙ্গলের ‘দুসাই রিসোর্টে‘ আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে বিকাল পৌনে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকা ফেরার কথা রয়েছে।
এসএ