দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

আল আমিন
আল আমিন
প্রকাশ:
প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

স্থানীয় জানায়, গত বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নৌকার ছাদে উচ্চস্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় তাঁরা নাচানাচি করছিল। নৌকাটি বংশাই নদের দুলশিমুল এলাকায় পৌঁছলে বিজয় চন্দ্র হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইল থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিজয়কে খোঁজে না পেয়ে তাঁরা বিকেল ৫টায় উদ্ধার অভিযান সমাপ্ত করে ফিরে যান। পরে আজ শুক্রবার খবর আসে বংশাই নদের দাড়িয়াপুর এলাকায় বিজয় চন্দ্রের লাশ ভেসে উঠেছে।

এ ব্যাপারে সখীপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।