দীপ্ত নিউজ
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে হারল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্যারাগুয়ের বিপক্ষে হারল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২–১ ব‍্যবধানে হেরে মাঠ ছাড়লো আর্জেন্টিরা। আসরে এটি তাদের তৃতীয় হার।

আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে স্বাগতিক প্যারাগুয়ে। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা।

আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ। আর প্যারাগুয়ের হয়ে দুইটি গোল আসে আন্তোনিও সানাব্রিয়া এবং ওমর আলদারেতের পা থেকে।

ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি।

বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়ান। ৭৯তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তাতে আর ম্যাচে ফেরা হয়নি তাদের।

উল্লেখ্য, ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।