পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদ্যাপন উপলক্ষে রাজধানীবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কেন্দ্র করে ১৪টি পয়েন্টে ডাইভারশন বা যান চলাচলের পথ পরিবর্তন করা হয়।
সম্প্রতি রমনা বটমূলে স্থাপিত ডিএমপি নিয়ন্ত্রণকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বন্ধ থাকবে যেসব পয়েন্ট—
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে:
১. বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।
২. সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।
৩. হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।
৫. নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।
যানজট এড়াতে ডিএমপি কয়েকটি বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে—
১. মিরপুর–ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।
২. গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা–ইউবিএল–নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
৩. সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর–চানখাঁরপুল–বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত–পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।
গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান–
১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
২. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।
৩. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।
৪. আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।
নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ করে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্যাপনের আহ্বান জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
এসএ