ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দর্শনা–গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে তিন দিনের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারীদের ভারতে প্রবেশ বন্ধ থাকবে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, রবিবার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জারি করা স্মারক (নং– ৫০০(৫৪)/JM) অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক কাজে পূর্বনির্ধারিত সফর নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকেই। এই সময়ে বিদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ থাকলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
তবে মানবিক কারণে ক্যানসার রোগীদের জরুরি চিকিৎসা এবং দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম অনুমতি সাপেক্ষে চালু রাখা হয়েছে। পাশাপাশি আমদানি–রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতীতের মতো এবারও ভোটকালীন সময়ে সাময়িকভাবে যাত্রী পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক জানান, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতনদের অবহিত করা হয়েছে এবং যাত্রীদের সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, নির্বাচন শেষে ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক হবে।
হুসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ