নেত্রকোণার কলমাকান্দায় স্কুল চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য রাখা ইট টানানোর অভিযোগ উঠেছে বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ আক্তারের বিরুদ্ধে।
বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শাহনাজ আক্তার ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের পাঠদান চলাকালে ১০ থেকে ১৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে দিয়ে নিজের বাড়ির টয়লেট নির্মাণের জন্য রাখা ইট টানানোর কাজ করিয়েছেন শাহনাজ আক্তার। এ সংক্রান্ত একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে, যেখানে কয়েকজন শিক্ষার্থীকে ইট বহন করতে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে জানতে শাহনাজ আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দিন বলেন, “বিদ্যালয় ছুটির পর আমি উপজেলা শহরে গিয়েছিলাম। তখন স্কুল চলছিল না। শিক্ষার্থীদের দিয়ে আমার স্ত্রী শুধু কিছু ইট এদিক–সেদিক করে রাখানো হয়েছে। ইট টানানোর কোনো ঘটনা ঘটেনি। গ্রামে আমার কিছু শত্রু রয়েছে, তারা ষড়যন্ত্র করে ভিডিওটি তৈরি করে থাকতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, এ ধরনের একটি ভিডিও আমার হাতেও এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ