মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।
বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট–ব্যাক পজিশন নিয়ে থমাস টাচেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রেসি জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টাচেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট–ব্যাক। তার পরিবর্তে ডেয়ে স্পেন্স ও কুয়ানসাহকে রাইট–ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন।
বুধবার অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রেসি জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
মেক্সিকোর বিপক্ষে শেষ আধা ঘণ্টা এজরি কোনসাকে বাধ্য হয়ে রাইট–ব্যাক পজিশনে খেলতে হয়েছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ফিফা বিতর্কিতভাবে স্থগিত করার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কুয়ানসাহর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সম্ভাব্য উপায় খুঁজছে।
মেক্সিকো সিটিতে জয়ের পর ইংল্যান্ডের কোচ টাচেল বলেন, “এটা কোথা থেকে শুরু হলো, আর কোথায় গিয়ে শেষ হবে? আমরা কি এখন নিষেধাজ্ঞা বাতিল করতে পারি, নাকি পারি না? আসলে কী হচ্ছে? সীমারেখাটা কোথায় টানা হবে, এটাই আমার প্রশ্ন।”