দীপ্ত নিউজ
জাতীয়

নতুন বাংলাদেশ গড়তে ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন বাংলাদেশ গড়তে ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’

সরকারপ্রধান বলেন, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব। আমরা এই নতুন বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ’।

সোমবার (৩১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রতিটি স্থানে ঈদ–উল–ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ হলো অন্যদের সাথে দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা স্থাপনের একটি অনুষ্ঠান।

সরকার প্রধান বলেন, ‘ঈদ যে গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করা উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে’।

তিনি জুলাইয়ের বিদ্রোহে শহীদদের আত্মার চির শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা দেশবাসী এবং বিদেশে ঈদ উদযাপনকারী প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান।

তিনি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যোগ দেন।

ঈদের নামাজের পর প্রধান উপদেষ্টা ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।