পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আনন্দঘন এই দিনটিকে ঘিরে বিকালের পর থেকে রাজধানী ঢাকা যেন হয়ে ওঠে এক টুকরো গ্রামবাংলা। উৎসবের রঙিন আমেজে, নতুন বছরের প্রত্যাশায় মেতে ওঠে রাজধানীবাসী।
বাংলা নববর্ষের প্রথম দিন বিকালের পর থেকেই শহীদ মিনার, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আর দোয়েল চত্বরে নামে শত শত মানুষের ঢল। বন্ধু–বান্ধব নিয়ে উৎসবের রঙে রাঙাতে ব্যস্ত সবাই। অনেকেই ছুটির দিনে পরিবারকে সময় দিতে বেছে নিয়েছেন বৈশাখের এই মিলনমেলা।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস যেন শিশুদের। নাগরদোলায় চড়া, খেলনা কেনা কোনো কিছুই বাদ যায়নি। তাদের আনন্দে আরো বেশি প্রাণ পায় পহেলা বৈশাখ।
বিভিন্ন স্থানে বসে লোকজ মেলার আদলে ছোট ছোট দোকান। মন্ডা, মিঠাই, সন্দেশ আর বাতাসায় জমে উঠে উৎসবের স্বাদ। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের এক মিলনমঞ্চ। যেখানে শহর আর গ্রাম মিলেমিশে একাকার হয়ে যায়।