দীর্ঘ অপেক্ষার পর নতুন অফিসিয়াল কিট ও জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্বের অন্যান্য দেশ অনেক আগেই নতুন কিট প্রকাশ করলেও বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের অপেক্ষা করতে হচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ ফুটবল দলের জন্য নতুন এই পোশাক জনসম্মুখে আনা হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে জমকালো এক আয়োজনের মাধ্যমে নতুন ডিজাইনের এই জার্সি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দেশের ফুটবলে আধুনিক রূপান্তরের অংশ হিসেবে দুই বছর আগে কিট পার্টনার ‘দৌড়’–এর সাথে চুক্তিবদ্ধ হয় বাফুফে। স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’–এর সাথে চুক্তির পর এবার দ্বিতীয়বারের মতো জাতীয় দলের অফিশিয়াল কিট ও জার্সি জনসম্মুখে প্রকাশ করা হলো।
এবারের জার্সির ডিজাইনে রাখা হয়েছে অভিনব এক চমক। সারা দেশের সমর্থকদের কাজ থেকে উন্মুক্ত আহ্বান জানিয়ে প্রাপ্ত প্রায় ১,৫০০টি ডিজাইনের জমা পড়েছিল। জমা পড়া সেসব ডিজাইন থেকে বাছাই করে ৩১টি বিশেষ উপাদান ও ধারণাকে একত্রিত করে জাতীয় দলের জন্য চূড়ান্ত এই থিম প্রস্তুত করা হয়।
নতুন এই কিটের হোম জার্সিটি মূলত সাদা রঙের প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে, যেখানে সূক্ষ্ম সব ডিটেইলিংয়ে ব্যবহার করা হয়েছে লাল রঙ। অন্যদিকে অ্যাওয়ে জার্সিটি ঐতিহ্যবাহী সবুজ রঙের, যার ডিটেইলগুলোতেও রয়েছে লালের উপস্থিতি।
উভয় জার্সির টেক্সচারে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের নান্দনিক ছাপ ফুটিয়ে তোলা হয়েছে।