
নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইলের পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দুই দিনব্যাপী ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট ২০২৬’–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদ।
কর্মসূচির প্রথম পর্যায়ে ১২ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হবে। আগামী এক বছরের মধ্যে বাকি ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটনশিল্পের বিকাশে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে শিশু–কিশোরদের গলফে আগ্রহী করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এছাড়া ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত জুনিয়র গলফ টুর্নামেন্টে ক্ষুদে ও উদীয়মান গলফাররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ কে এম শহীদুল আলম প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।
আয়োজকেরা জানান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, তৃণমূল পর্যায়ে গলফের প্রসার এবং প্রকৃতিনির্ভর পর্যটনের বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





