রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তার এই আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তার খোঁজ–খবর নেয়ার নির্দেশ দেন তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তার শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পরিবারের খোঁজখবর নেওয়া হয়।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোকের কারণে গাড়িচালকের পেশা ছেড়ে বর্তমানে তিনি রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট ভালোবাসার প্রকাশ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং তিনি আমার জন্য উপহার পাঠাবেন।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তিনি যখনই এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাকে সালাম জানাই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।